`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই পরিকল্পিতভাবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।

এ সময় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো— "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।"

গৌরনদীর কর্মসূচিতে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণে অংশ নেন। সফরের অংশ হিসেবে তিনি বাটাজোর ইউনিয়নের সরিকল খালের পাড়, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এদিন বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স