বাংলাদেশ ‘স্বল্পোন্নত দেশ’ বা এলডিসির তালিকা থেকে উত্তরণের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি অন্যান্য দেশের ক্ষেত্রেও এই উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে সুনিশ্চিত অর্থায়ন, বাজারে অধিকতর প্রবেশাধিকার, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির মতো বিষয়ে ধারাবাহিক সহায়তা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় প্রতিটি দেশ একে অপরের ওপর নির্ভরশীল। বিশেষ করে আঞ্চলিক পর্যায়ে বাণিজ্য সহায়তা ও সম্প্রসারণ, কার্যকর যোগাযোগ ব্যবস্থা এবং অর্থবহ সহযোগিতার মাধ্যমে দেশগুলো পরস্পরের সমৃদ্ধি অর্জনে সহায়তা করতে পারে।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি বিশ্বের কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে এই মহামারি বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—বিশ্ব সমাজকে টিকে থাকতে হলে একে অপরের সহায়তা, সহমর্মিতা ও সহযোগিতা অপরিহার্য।
প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোতে টিকা, চিকিৎসাসামগ্রী ও রোগ নির্ণয়ের সরঞ্জামের টেকসই উৎপাদন নিশ্চিত করা জরুরি। এসব প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ যাতে সবার জন্য সহজলভ্য হয়, সে বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
BanglaDock