সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইন গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, এসব সেটিংস ঠিকভাবে ব্যবহার করলে ডাটা চুরি, অনলাইন ট্র্যাকিং, স্প্যাম বার্তা এবং অনাকাঙ্ক্ষিত যোগাযোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ব্যবহারকারীরা চাইলে Sharing and Reuse অপশনে গিয়ে এআই ফিচারের জন্য ছবি ও ভিডিও পুনঃব্যবহারের অনুমতি বন্ধ করতে পারেন, যাতে তাদের পাবলিক কনটেন্ট এআই উন্নয়নে ব্যবহার না হয়।
এ ছাড়া Accounts Center থেকে Your Activity Off Meta Technologies অপশন নিষ্ক্রিয় করলে ইনস্টাগ্রামের বাইরে অন্যান্য ওয়েবসাইটে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম ট্র্যাক করে বিজ্ঞাপন দেখানোর সুযোগ সীমিত করা যায়।
নিরাপত্তা বাড়াতে অ্যাকাউন্টকে Private রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। এতে শুধুমাত্র অনুমোদিত অনুসারীরাই পোস্ট ও স্টোরি দেখতে পারবেন এবং ভুয়া বা স্প্যাম অ্যাকাউন্টের ঝুঁকি কমবে।
অনাকাঙ্ক্ষিত বার্তা ও প্রতারণামূলক লিংক এড়াতে ডিরেক্ট মেসেজ (DM) রিকোয়েস্ট কেবল পরিচিতদের জন্য সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি স্টোরি শেয়ারের ক্ষেত্রে Close Friends বা নির্দিষ্ট অনুসারীদের জন্য দৃশ্যমান করার সুবিধা ব্যবহার করলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও নিশ্চিত করা যায়।
এ ছাড়া Show Activity Status অপশন বন্ধ রাখলে অন্যরা ব্যবহারকারী কখন অনলাইনে আছেন তা দেখতে পারবেন না। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত এসব সেটিংস পর্যালোচনা করলে ইনস্টাগ্রাম ব্যবহার আরও নিরাপদ ও ব্যক্তিগত রাখা সম্ভব।
BanglaDock