কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়া বা ছবি তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই। ই-মেইল পাঠানো, গ্রাহকসেবা দেওয়া থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠানের বিভিন্ন কাজেও ব্যবহৃত হচ্ছে এআই। এবার ব্যবসায় এআই প্রযুক্তির ব্যবহার আরও সহজ করতে ‘মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে মেটা।
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মেটার তৈরি এআই মডেল, এআই এজেন্ট ও বিভিন্ন প্রযুক্তি নিজেদের কাজে ব্যবহারের সুযোগ পাবে। প্রাথমিকভাবে এতে মেটার ব্যক্তিগত এআই সহকারী ‘মিউজ’, ‘মেটা বিজনেস এজেন্ট’, ‘মিউজ এপিআই’ ও ‘মিউজ কোড’-সহ বিভিন্ন এআই সুবিধা যুক্ত হচ্ছে।
নতুন প্ল্যাটফর্মের নেতৃত্ব দিতে ডেটা প্ল্যাটফর্ম মঙ্গোডিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) চিরন্তন সিজে দেশাইকে চিফ এন্টারপ্রাইজ প্ল্যাটফর্ম অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে মেটা। তিনি বলেন, আগামী কয়েক বছরে এআই বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবন, ব্যবসার প্রবৃদ্ধি, গ্রাহকসেবা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনবে।
মেটার এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, গ্রাহকসেবা এবং ব্যবসার প্রবৃদ্ধিতে এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। অর্থাৎ, মেটার এআই প্রযুক্তি ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি ব্যবসায়িক কাজেও আরও বিস্তৃতভাবে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।
মেটা এন্টারপ্রাইজ প্ল্যাটফর্মের লক্ষ্য হলো, মেটার এআই প্রযুক্তিগুলোকে এমন পণ্য ও সেবায় রূপ দেওয়া, যা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান সরাসরি নিজেদের কার্যক্রমে ব্যবহার করতে পারে।
চলতি মাসের শুরুতে ‘মিউজ’ নামের ব্যক্তিগত এআই সহকারী চালু করেছে মেটা। ব্যবহারকারীর হয়ে ই-মেইল পাঠানো, ভ্রমণের বুকিং দেওয়াসহ বিভিন্ন কাজ করতে পারে এই এআই সহকারী। এবার মিউজসহ মেটার অন্যান্য এআই প্রযুক্তি ব্যবসাপ্রতিষ্ঠান ও নির্মাতাদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
BanglaDock