কক্সবাজারে এসএসসি পরীক্ষায় জেলার শীর্ষস্থানীয় ফলাফল অর্জনকারী বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার বিকেলে শাহ আবদুল জব্বার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে বায়তুশ শরফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এসময় বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম বলেন, বায়তুশ শরফ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, আর্তমানবতার সেবাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। প্রতিষ্ঠানের সাফল্য উদযাপনে এক্স-স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলামকে বিশেষ সম্মাননা স্মারকও দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
BanglaDock