ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক দম্পতিকে মারধরের অভিযোগে স্থানীয় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তিনি জামিনে মুক্তি পান।
ভারতীয় সংবাদমাধ্যম *দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস*-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার বেত্তাদাসাপুরায়। হামলার শিকার দম্পতি হলেন ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলাল।
অভিযোগ অনুযায়ী, সকালে রাস্তায় দেখা হলে অভিযুক্ত চিকিৎসক ডা. নাগেন্দ্র তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তিনি দম্পতির ওপর হামলা চালান।
নাসরিনা বিলালের অভিযোগ, হামলার আগে তাদের বাংলাদেশি পরিচয় নিয়ে হিন্দিতে গালিগালাজ করা হয়। এরপর তাকে টেনেহিঁচড়ে মারধর করা হয় এবং তার স্বামীকে মাথা ও পিঠে আঘাত করে মাটিতে ফেলে লাথি মারা হয়। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে জামিন মঞ্জুর করা হয়।
জিজ্ঞাসাবাদে ডা. নাগেন্দ্র দাবি করেন, এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের বসবাসের কারণে সন্দেহবশত ওই দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন।
তবে পুলিশ স্পষ্ট করেছে, নাগরিকত্ব বা অভিবাসন-সংক্রান্ত কোনো সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। নিজ হাতে আইন তুলে নিয়ে কাউকে মারধর করার কোনো সুযোগ নেই।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশের কাগজপত্র ও অভিবাসন-সংক্রান্ত বিষয় যাচাইয়ের পাশাপাশি মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্তও চলমান রয়েছে।
BanglaDock