রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন করা হবে বলে জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া হলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হতে পারে।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিলওয়ের জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এর মধ্যেও হ্রদের পানি বাড়তে থাকায় অতিরিক্ত পানি দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে জুলাই মাসেও কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন করা হয়েছিল। এবারও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে পানি বাড়তে থাকায় নতুন করে জলকপাট খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে।
BanglaDock