গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হলে গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীতে যাওয়ার আহ্বানও জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার কর্মসূচি দেওয়া হবে। সে জন্য গ্রামের প্রতিটি ঘর থেকে মানুষকে প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের দাবিগুলো কোনো দলীয় বা নির্বাচনী দাবি নয়; বরং দেশের প্রত্যেক নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের জন্য সারের নিশ্চয়তা চেয়ে তারা আন্দোলনে নেমেছেন।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কার্ড বিতরণের প্রচার চালানো হলেও সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগও করেন জামায়াত আমির।
কৃষকের সারসংকট এবং নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ঘুষ-বাণিজ্যের অভিযোগ তুলে তিনি এসব অনিয়ম বন্ধের দাবি জানান। তিনি বলেন, ১১ দলের বিজয় নয়, তারা চান দেশের প্রতিটি নাগরিকের বিজয় ও মুক্তি। শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। জাতির সঙ্গে বেইমানি না করার অঙ্গীকার করে তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না এবং কোনো আপসও করবেন না।
BanglaDock