`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

তানজিদের সেঞ্চুরিতে ডারউইনে দাপট, ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
তানজিদের সেঞ্চুরিতে ডারউইনে দাপট, ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। তানজিদ হাসানের ঐতিহাসিক সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রান এবং শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ় ব্যাটিংয়ে দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রান।


দিনের শুরুতে মুমিনুল হক ও তানজিদ হাসান দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত্তি এনে দেন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। তবে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেমে যান মুমিনুল। জস হ্যাজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৯৫ বলে ৪৯ রান করে ফেরেন তিনি।


এরপর তানজিদ ও শান্তর ব্যাটে আরও শক্ত অবস্থানে পৌঁছে বাংলাদেশ। শান্ত ৭৪ বলে ফিফটি পূর্ণ করেন। অন্যদিকে তানজিদ ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৯৭ বলে ১০১ রান করে নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।


তানজিদের বিদায়ের পর শান্তও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করে। হ্যাজলউড ১২৬ বলে ৮৪ রান করা শান্তকে ফিরিয়ে দেন। এরপর মুশফিকুর রহিম ৩৬ রান করে আউট হন এবং লিটন দাস কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এই তিনটি ক্যাচই দ্বিতীয় স্লিপে নেন স্টিভেন স্মিথ।


এক পর্যায়ে ৬ উইকেটে ৩০৮ রানে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে মিরাজ ও হাসান মাহমুদ সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন। মিরাজ ৭৩ বলে ৩২ এবং হাসান ৭৬ বলে ১৩ রানে অপরাজিত আছেন।


দিনের শেষ বলেই অবশ্য জীবন পান মিরাজ। মার্নাস লাবুশেনের বলে গালিতে ক্যামেরন গ্রিন ক্যাচটি নিতে না পারায় স্বস্তিতে দিন শেষ করে বাংলাদেশ। ১৫৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ বাড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান

চট্টগ্রামে তিন দিন ধরে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, নেই খাবার-পান