দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক এক ইনিংস খেলে ৭৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৩৫০ রান করেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি এখন কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
১৯৪৮-৪৯ মৌসুমে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে নর্থ-ইস্টার্ন দলের বিপক্ষে ৩০০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ডেনিস কম্পটন। সফরকারী দলের কোনো ব্যাটারের দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হিসেবে দীর্ঘ ৭৭ বছর টিকে ছিল সেই কীর্তি।
পচেফস্ট্রুমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়। একই সঙ্গে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ক্রিকেটারও তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ২১৮ রান। ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে এই রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। হৃদয় এবার সেই রেকর্ড অনেক দূরে পেছনে ফেলেছেন।
বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হৃদয়। এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে রাকিবুল হাসান ও তামিম ইকবাল এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে ৩১৩ রান করেছিলেন রাকিবুল হাসান। আর ২০১৯-২০ মৌসুমে ইস্ট জোনের হয়ে অপরাজিত ৩৩৪ রান করেছিলেন তামিম ইকবাল।
তামিমের ৩৩৪ রান এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল। ম্যাচের চতুর্থ দিন চা-বিরতির পর সেই রেকর্ডও ভেঙে দেন হৃদয়। ৪৮১ বলের ইনিংসে ২৭টি চার ও ১০টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ৩৫০ রানে পৌঁছানোর পর দলের ইনিংস ঘোষণা করা হয়।
হৃদয়ের এই রেকর্ডগড়া ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ ‘এ’ দলও গড়েছে নতুন ইতিহাস। ৮ উইকেটে ৬৭৬ রান তুলে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের যেকোনো দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছে তারা।
এর আগে ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের করা ৬৩৮ রান ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এক ইনিংসেই একাধিক রেকর্ড গড়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছেন তাওহিদ হৃদয়। তার অপরাজিত ৩৫০ রানের ইনিংস এখন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে।
BanglaDock