প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ২০টি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে প্রকাশিত হতে যাচ্ছে ‘উত্তরাধিকার’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামে। তাঁর জন্মদিন ১৬ আগস্ট উপলক্ষে ডাবল সিডি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যালবামটি প্রকাশ করা হবে। প্রকল্প থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম প্রতিষ্ঠার কাজে।
অ্যালবামটিতে দেশের আটটি ব্যান্ড ও ১২ জন একক শিল্পী অংশ নিয়েছেন। ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
অ্যালবামে ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘চলো বদলে যাই’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘রাতের তারা’সহ আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো নতুন সংগীতায়োজনে পরিবেশিত হয়েছে। সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল।
আইয়ুব বাচ্চুর স্ত্রী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আক্তার জানান, বহুদিন ধরেই শিল্পীর স্মৃতিবিজড়িত প্রায় ৫০টি গিটার, ব্যক্তিগত ব্যবহারের বিভিন্ন সামগ্রী এবং সংগীতজীবনের স্মারক সংরক্ষণ করে একটি মিউজিয়াম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বর্তমানে গিটারগুলো বিশেষ তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হচ্ছে।
‘উত্তরাধিকার’ প্রকল্পের সমন্বয়ক চিশতি ইকবাল জানান, আইয়ুব বাচ্চুর জন্মদিনকে ঘিরে বিশেষ কিছু করার পরিকল্পনা থেকেই অ্যালবামটির উদ্যোগ নেওয়া হয়। ২০টি গান নির্বাচন করে নতুন প্রজন্মের শিল্পীদের অংশগ্রহণে অ্যালবামটি তৈরি করা হয়েছে।
আগামীকাল রোববার বিকেলে ‘উত্তরাধিকার’ নিয়ে একটি সংবাদ সম্মেলনে প্রকল্পটির বিস্তারিত তুলে ধরা হবে। একই দিন অ্যালবামটি প্রকাশের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও গানগুলো উন্মুক্ত করা হবে।
BanglaDock