`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অভিনেত্রী তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, নারাজি দেবেন বাদী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
অভিনেত্রী তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, নারাজি দেবেন বাদী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার ঘোষণা দিয়েছেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী।


মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে একটি অনুষ্ঠানে পরার জন্য বাদীর কাছ থেকে একটি শাড়ি নেন তানজিন তিশা। বাদীপক্ষের দাবি, শাড়িটির মূল্য ছিল ৭৫ হাজার টাকা এবং পরদিন সেটি ফেরত দেওয়ার কথা ছিল। পরে শাড়ি ফেরত না পাওয়ায় বাদী বিষয়টি নিয়ে তিশার সঙ্গে যোগাযোগ করেন।


তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মেসেঞ্জার কথোপকথন পর্যালোচনায় দেখা যায়, তিশা প্রথমদিকে শাড়ি ফেরত চাওয়ার কিছু বার্তা দেখেননি। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে যোগাযোগ ও মনোমালিন্য হয়। মামলার বিষয়ে জানার পর তিশা ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান।


পিবিআইয়ের তদন্তে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, তদন্তকালে বাদীকে অভিযোগের পক্ষে দালিলিক প্রমাণ দিতে বলা হলেও প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে মেসেঞ্জার বার্তা পর্যালোচনা করে হুমকির অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


তবে বাদী দাবি করেছেন, তিনি সাক্ষী, অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ তদন্ত কর্মকর্তার কাছে দিয়েছিলেন, কিন্তু সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এ কারণে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


বাদীপক্ষের আইনজীবীর তথ্য অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওই দিন নারাজি আবেদন করা হলে মামলাটির পরবর্তী আইনগত প্রক্রিয়া নির্ধারিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু