কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের তিন কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
র্যাব জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝের ডেইল এলাকায় জনৈক খামিন মাঝির বসতভিটায় কয়েকজন মাদক কারবারি মাদক কেনাবেচার জন্য জড়ো হয়েছে—এমন খবর পাওয়া যায়। পরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
আ. ম. ফারুক জানান, উদ্ধার করা মাদক আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
BanglaDock