`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও উপনির্বাচন নিয়ে আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ ও উপনির্বাচন নিয়ে আলোচনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ডেঙ্গু প্রতিরোধে ঢাকাসহ সারাদেশে জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নিয়েও দলীয় প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত হয়েছে।


শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সন্ধ্যা সোয়া ৭টায় বৈঠক শুরু হয়।


বৈঠকে ডেঙ্গু পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রিজভী জানান, দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র তৈরি করে ঢাকাসহ সারাদেশে বিতরণ করবে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচারের উদ্যোগ নেওয়া হবে।


স্কুল, মাদরাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জন্য নির্দিষ্ট বিন স্থাপনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বাজার কমিটিগুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবে বিএনপি। প্রয়োজনে দলীয়ভাবে এসব কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে বলেও জানান রিজভী।


ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউট ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে মশারি সরবরাহের বিষয়টিও আলোচনায় আসে।


এ ছাড়া দলের বিভিন্ন কমিটিতে মৃত্যু, বহিষ্কার বা অন্য কারণে সৃষ্ট শূন্যপদ পূরণের বিষয়েও আলোচনা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সংশ্লিষ্ট কমিটির পরবর্তী পর্যায়ের নেতাদের পদোন্নতির মাধ্যমে এসব পদ পূরণ করা যায় কি না, তা বিবেচনা করা হবে বলে জানান রিজভী।


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য আসনের উপনির্বাচন নিয়ে রিজভী জানান, আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং ১৬ সেপ্টেম্বর তা জমা দিতে হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটির মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।


তবে সাংগঠনিক শূন্যপদ নিয়ে আলোচনা হলেও দলের কাউন্সিল নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন রিজভী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত

কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত