কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (৭ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড জানায়, সকাল ৭টার দিকে গোলারচর এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ভাসমান একটি ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকদ্রব্যের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
BanglaDock