আসন্ন নারীকেন্দ্রিক চলচ্চিত্র ‘মাইসা’র একটি গানের নাচের মহড়ার সময় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় প্যান-ইন্ডিয়ান অভিনেত্রী রাশমিকা মান্দানা। হায়দরাবাদে শুটিং চলাকালে একটি লাফ দেওয়ার দৃশ্যে তিনি কোমর ও নিতম্বের সংযোগস্থলে (হিপ এরিয়া) তীব্র আঘাত পান।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর চিকিৎসকরা তাকে অন্তত ছয় সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পরীক্ষায় দেখা গেছে, তার হিপ এরিয়ার একটি পেশিতন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, যা সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রে দেখা যায় এমন গুরুতর টেন্ডন ইনজুরি।
চিকিৎসকদের মতে, আঘাতপ্রাপ্ত স্থান সম্পূর্ণ সুস্থ হতে এবং আগের শক্তি ফিরে পেতে বিশ্রামের পাশাপাশি বিশেষ পুনর্বাসন চিকিৎসার প্রয়োজন হবে।
রাশমিকা বর্তমানে একাধিক বড় বাজেটের চলচ্চিত্রের শুটিং এবং বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজে ব্যস্ত ছিলেন। সম্প্রতি ‘মাইসা’ ছবির জন্য কোনো বডি ডাবল ছাড়াই নিজেই কঠিন অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন।
এই দুর্ঘটনার কারণে তার চলমান চলচ্চিত্রগুলোর শুটিং সূচি এবং বাণিজ্যিক কাজের সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
BanglaDock