`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 ইং
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ সোমবার ঘোষণা করা হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।


গত ২৪ আগস্ট মামলাটির শুনানি শেষে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। তবে নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটিতে অ্যাটর্নি জেনারেল শুনানি করবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রায় ঘোষণার জন্য ৩১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।


২০২৫ সালের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। অভিযোগ অনুযায়ী, বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।


এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে। একই বছরের ১৩ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়।


মামলায় রাষ্ট্রপক্ষে ২৯ জন সাক্ষ্য দেন। মাত্র ১৩ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শেষ হয়। গত বছরের ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।


রায়ে মামলার অন্য তিন আসামি—শিশুটির বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়।


ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড উচ্চ আদালতের অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া ও শুনানি শেষে আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’