সারা দেশের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প’ অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হচ্ছে। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রকল্পটি বিবেচনা করা হবে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলায় ৯১ হাজার ৫৬০ কিলোমিটার গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হবে।
প্রকল্পের মাধ্যমে পরিবারপ্রধান ৪৫ হাজার ৭৮০ জন দরিদ্র নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, কৃষিজাত ও অ-কৃষিজাত পণ্য পরিবহন সহজ করা এবং নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, জলবায়ু ঝুঁকি, দারিদ্র্য ও পরিবেশগত ঝুঁকির ভিত্তিতে প্রকল্প এলাকা নির্বাচন করা হয়েছে। প্রকল্পটি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের অগ্রাধিকার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পূর্ববর্তী পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির সফলতার ধারাবাহিকতায় নতুন এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
BanglaDock