কক্সবাজার পৌরসভা ও আশপাশের ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে একজন চোর/ছিনতাইকারী, সাতজন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ছয়জন ধর্তব্য অপরাধে জড়িত।
গ্রেফতার চোর ও ছিনতাইকারী মো. রফিকের (৩০) বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চুরি ও পুলিশ আইনে একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. রুবেল (৩৩), মো. ইমরান (২৭), মো. তৈয়ব (২৮), নুর কবির (৩৮), মোস্তফা কামাল (৩৯), তামিরুল ইসলাম (৫০) ও সাদেক হোসেনকে (২০)। ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে তাইন্যাকে (২২)।
এ ছাড়া ধর্তব্য অপরাধে হুমায়ুন কবির মুরাদ (৪৫), রবিউল ইসলাম (২২), মনজুর আলম (২৭), মো. ফারুক (২৯), মোহাম্মদ ইসমাইল (২০) ও হামিদ উল্লাহকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পৌর এলাকা ও আশপাশের ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই ও অপরাধ প্রবণতা রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
BanglaDock