বাংলাদেশে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছে কক্সবাজারের কৃতি কারাতেকা মনিষা।
রাজধানীর মিরপুর-১০ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ কারাতে ফেডারেশন।
মনিষার বাবা উদয়ন শংকর পাল মিঠু জানান, ভারতের ও নেপালের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে অনূর্ধ্ব-১২ মহিলা কাতা বিভাগে স্বর্ণপদক অর্জন করেছে তার মেয়ে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের মোট ৫৬৫ জন কারাতেকা অংশ নেন। আন্তর্জাতিক এই আসরে মনিষার স্বর্ণজয় কক্সবাজারের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ তৈরি করেছে।
মনিষার এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
BanglaDock