`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজারে ২৭৫ কোটি টাকার পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 7, 2026 ইং
কক্সবাজারে ২৭৫ কোটি টাকার পর্যটন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

পর্যটন ও হসপিটালিটি খাতে দক্ষ জনবলের ঘাটতি পূরণে কক্সবাজারে ২৭৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। কক্সবাজারের মোটেল লাবণী প্রাঙ্গণে প্রতিষ্ঠানটি গড়ে তোলার লক্ষ্যে ‘মোটেল লাবণী কম্পাউন্ড, কক্সবাজারে প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন’ শীর্ষক প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


অনুমোদন পাওয়া গেলে বাংলাদেশ পর্যটন করপোরেশন চলতি বছর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি হোটেল ও প্রশিক্ষণ সুবিধা সমন্বিত একটি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এতে প্রশিক্ষণার্থীরা শ্রেণিকক্ষের পাশাপাশি বাস্তব পরিবেশে কাজ শেখার সুযোগ পাবেন।


প্রকল্পটি মোটেল লাবণী প্রাঙ্গণের প্রায় ৩ দশমিক ৪৫ একর জায়গায় বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক নকশায় একটি ১৫ তলা হোটেল ভবন এবং একটি ১০ তলা প্রশিক্ষণ ও শিক্ষার্থী আবাসন ভবন নির্মাণের কথা রয়েছে। ভবনের নকশা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি থেকে বছরে ৮০০ থেকে ৯০০ জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।


প্রশিক্ষণের আওতায় থাকবে হোটেলের ফ্রন্ট অফিস পরিচালনা, হাউসকিপিং ও লন্ড্রি ব্যবস্থাপনা, ট্রাভেল ও ট্যুর অপারেশন, বিমান ও এয়ারলাইন টিকিটিং, খাবার প্রস্তুত ও পরিবেশন এবং বেকারি ও পেস্ট্রি বিষয়ক কোর্স। বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব প্রশিক্ষকেরা এসব কোর্স পরিচালনা করবেন।


বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ বিভাগের মহাব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার বলেন, কক্সবাজারে বর্তমানে প্রায় ৩০০ থেকে ৪০০টি হোটেল ও মোটেল রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে কাজ করার মতো প্রশিক্ষিত কর্মীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। পর্যটন শিল্পের সম্প্রসারণের সঙ্গে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে বলেও জানান তিনি।


পর্যটন খাতের উদ্যোক্তারা বলছেন, দক্ষ জনবলের সংকট শিল্পটির অন্যতম বড় বাধা। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, পর্যটন পেশাজীবী, ট্যুর গাইড ও অপারেটর তৈরির জন্য দেশে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ব্যবস্থা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক নুসরাত জাহান বলেন, প্রশিক্ষণে কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, আচরণ ও সমস্যা সমাধানের সক্ষমতাও গুরুত্ব পেতে হবে।


এদিকে কক্সবাজারকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে মোটেল লাবণী ও হোটেল শৈবাল এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বিনোদন কেন্দ্র, ফুড জোন, শপিং আউটলেট, সিনেপ্লেক্স, সুইমিং ও ওয়াটার অ্যাক্টিভিটি, জিম, স্পা, অ্যাকুয়ারিয়াম এবং গেম জোন স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এসব উন্নয়ন প্রকল্পে প্রাথমিকভাবে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ জনবল তৈরি ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন একসঙ্গে এগিয়ে নিতে পারলে কক্সবাজার দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

পাচারের সময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক