কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার সাড়ে ৩৯ ঘণ্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপের চর থেকে পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খানের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে সোনাদিয়া দ্বীপের চরে মরদেহটি ভেসে এলে স্থানীয় গ্রাম পুলিশ তা উদ্ধার করে। কক্সবাজার সমুদ্রসৈকতে জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের জলতরঙ্গ সংলগ্ন এলাকায় গোসলে নামার সময় দুই পর্যটক সাগরের পানিতে ভেসে যান। এ ঘটনায় ইয়াছিন খান (২৫) নামে এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান নিখোঁজ ছিলেন।
নিহত ও নিখোঁজ দুই পর্যটকই আইজেটকেপি কোম্পানিতে কর্মরত ছিলেন। জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি পর্যটক দল কক্সবাজারে আসে এবং তারা হোটেল ভিস্তা বে-তে অবস্থান করছিলেন।
লাইফগার্ডের তথ্য অনুযায়ী, গত এক বছরে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ২৭ জন পর্যটকের মৃত্যু হয়েছে।
BanglaDock