`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালী-কক্সবাজার নৌরুটে ১০০ টাকা টোলে ক্ষোভ পর্যটকদের

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
মহেশখালী-কক্সবাজার নৌরুটে ১০০ টাকা টোলে ক্ষোভ পর্যটকদের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের মহেশখালী-কক্সবাজার নৌপথে বিআইডব্লিউটিএর জেটি ব্যবহার করে যাতায়াতে দেশীয় পর্যটকদের কাছ থেকে আসা-যাওয়ায় ১০০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটকরা। তাদের অভিযোগ, ট্রলার ভাড়া যেখানে মাত্র ৬০ টাকা, সেখানে জেটিতে প্রবেশের টোলই ১০০ টাকা, যা বৈষম্যমূলক এবং অযৌক্তিক।


বিআইডব্লিউটিএ নির্ধারিত ফি অনুযায়ী, কক্সবাজারের বাঁকখালী, নুনিয়াছড়া ও মহেশখালী ঘাটে নামার সময় ৫০ টাকা এবং ফেরার সময় আরও ৫০ টাকা দিতে হচ্ছে। ফলে একজন দেশীয় পর্যটককে শুধু টোল বাবদই ১০০ টাকা গুনতে হচ্ছে। বিদেশি পর্যটকদের ক্ষেত্রে এই টোল আসা-যাওয়ায় ৬০০ টাকা। অন্যদিকে স্থানীয় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ৫ টাকা।


পর্যটকদের অভিযোগ, এত উচ্চ টোল আদায় করা হলেও ঘাটগুলোতে ন্যূনতম যাত্রীসেবার ব্যবস্থা নেই। নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানি, মানসম্মত শৌচাগার কিংবা বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিদেশি পর্যটকদের কাছ থেকে উচ্চ টোল নেওয়া হলেও আন্তর্জাতিক মানের অবকাঠামো ও নিরাপত্তা সুবিধাও নিশ্চিত করা হয়নি।


আরও অভিযোগ রয়েছে, কে স্থানীয় আর কে পর্যটক, তা নির্ধারণের কোনো সুনির্দিষ্ট পদ্ধতি না থাকায় ইজারাদারের লোকজনের সঙ্গে প্রায়ই যাত্রীদের বাগ্বিতণ্ডা ও হয়রানির ঘটনা ঘটছে। কাজের প্রয়োজনে নিয়মিত যাতায়াত করা অনেক শ্রমজীবী মানুষকেও পর্যটক হিসেবে চিহ্নিত করে ৫০ টাকা টোল আদায়ের অভিযোগ উঠেছে।


মহেশখালীর আদিনাথ মন্দির, সোনাদিয়া ও রূপসী মহেশখালী ঘুরতে আসা পর্যটকদের অনেকেই বলেন, সুযোগ-সুবিধা ছাড়া শুধু টোল বাড়ানো হলে পর্যটন শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।


মহেশখালীর বাসিন্দা রুহুল আমিন বলেন, ট্রলার ভাড়া ৩০ টাকা হলেও টোল দিতে হচ্ছে ১০০ টাকা। এতে ভবিষ্যতে মহেশখালীতে পর্যটক আসা কমে যেতে পারে।


বিআইডব্লিউটিএর কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত পরিবহন (নৌ) পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, তিনি বর্তমানে ছুটিতে থাকলেও বিষয়টি জেনেছেন। তার মতে, বর্তমান টোলহার সঠিক সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি গেজেট অনুযায়ী টোলহার পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি তার জানা আছে। তবে ঘাট নিয়ন্ত্রণের দায়িত্ব বিআইডব্লিউটিএর এবং টোল নির্ধারণের সিদ্ধান্ত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর