অভিনয়ের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি।
তবে নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ছেন না তমা। তাঁর ভাষ্য, অভিনয়ই তাঁর প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তাই অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
তমা মির্জা বলেন, অভিনয় তাঁর প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। ব্যাংক কর্তৃপক্ষও তাঁর অভিনয়ের বিষয়ে আন্তরিক হওয়ায় নতুন পেশার পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা। বর্তমানে চলচ্চিত্রে খুব বেশি ব্যস্ত না থাকলেও বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন তিনি।
নতুন পেশায় যুক্ত হওয়ার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেত্রী। তাঁর মতে, অভিনয়ের পাশাপাশি জীবনের অন্য ক্ষেত্রগুলোও কাছ থেকে দেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগটি তিনি কাজে লাগাতে চান।
বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তমা মির্জা। তাঁর অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’ দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে।
এদিকে অভিনয়ে নতুন কাজও আসছে তাঁর হাতে। শিগগিরই ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তমা। এতে তাঁর বিপরীতে থাকবেন আফরান নিশো।
২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তমা মির্জা।
BanglaDock