প্রতিবছর ৫ হাজার তরুণকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলের মাধ্যমে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান গ্রহণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের বিষয়ে তিনি বলেন, সব গ্রেডে অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এ কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষাখাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের রূপরেখাও প্রণয়ন করা হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৭৪ শহিদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন বলেও জানান তিনি।
রেমিট্যান্স প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসী আয় ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে বলে তিনি জানান।
এ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ এবং বন্যাদুর্গত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BanglaDock