সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আগামী এক সপ্তাহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানী ঢাকায় জলাবদ্ধতা এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের ৪৮ ঘণ্টার সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টির কারণে শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে এবং আগামী কয়েক দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
রাজধানী ঢাকাতেও অস্থায়ী জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী দুই দিনের বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় হাঁটুপানি জমতে পারে। এদিকে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ক, কৃষিজমি ও জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিস্তা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে, ফলে সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।
BanglaDock