সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের সব বিভাগে কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত রাজধানী ঢাকায় ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী থেমে থেমে বৃষ্টি চলবে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁর নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া আজ নওগাঁয় ছোট যমুনা এবং নাটোর ও সিরাজগঞ্জে আত্রাই নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে আশপাশের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগে গত এক দিনে মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি বেড়েছে। অন্যদিকে সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমলেও আগামী এক দিনে এসব নদীর পানি আবার দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি আগামী দুই দিন কিছুটা বাড়লেও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
BanglaDock