`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টাকা বা আনন্দ নয়, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই সুখের বড় চাবিকাঠি

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
টাকা বা আনন্দ নয়, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাই সুখের বড় চাবিকাঠি ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ভালো খাবার, ঘোরাঘুরি, কেনাকাটা কিংবা পছন্দের কাজ—এসব মানুষের মনে আনন্দ তৈরি করে। তবে দীর্ঘদিন সুখী থাকতে শুধু আনন্দ উপভোগ করাই যথেষ্ট নয়। নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারার স্বাধীনতাও সুখের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।


ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরি সান্তোসের মতে, ভালো খাবার বা আনন্দ উপভোগ করা অবশ্যই ভালো। তবে দীর্ঘমেয়াদে সুখী থাকতে হলে অন্য মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং জীবনে অর্থপূর্ণ কিছু করা জরুরি। প্রায় ২ হাজার ৩০০ বছর আগে গ্রিক দার্শনিক এপিকিউরাসও সুখী জীবনের অন্যতম শর্ত হিসেবে বন্ধুত্বের কথা বলেছিলেন।


সম্প্রতি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর দুই গবেষক সুখ নিয়ে নতুন একটি গবেষণা করেছেন। তাঁদের গবেষণায় দেখা গেছে, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারা মানুষকে বেশি সুখী করে। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘দ্য জার্নাল অব পজিটিভ সাইকোলজি’ সাময়িকীতে। গবেষক জেসন ডব্লিউ পেইন ও উলরিখ শিম্যাক জানতে চেয়েছেন, মানুষ নিজের জীবনকে কীভাবে সুখী মনে করে।


গবেষকেরা সুখী থাকার পেছনে তিনটি বিষয়কে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। প্রথমত, পরিবার, বন্ধু ও কাছের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক থাকা। দ্বিতীয়ত, নিজের কাজ ঠিকভাবে করতে পারা এবং নিজের ওপর আস্থা রাখা। তৃতীয়ত, অন্যের চাপে নয়, নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকা।


২০২২ সালে কানাডা ও যুক্তরাজ্যের ১৮ থেকে ৮০ বছর বয়সী ১ হাজার ২০০ জনের বেশি মানুষের ওপর জরিপ চালান গবেষকেরা। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, জীবন নিয়ে তাঁরা কতটা সন্তুষ্ট, কোন বিষয়গুলো তাঁদের ভালো বা খারাপ লাগার কারণ এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাঁরা কতটা পান।


জরিপের ফলাফলে দেখা যায়, তিনটি বিষয়ই মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার স্বাধীনতা অন্য বিষয়গুলোর তুলনায় আলাদা গুরুত্ব বহন করে। যাঁরা মনে করেন, নিজের জীবন তাঁদের নিয়ন্ত্রণে রয়েছে, তাঁরা জীবন নিয়ে বেশি সন্তুষ্ট। ভালো লাগা বা খারাপ লাগার বিষয়গুলো হিসাবের মধ্যে রাখার পরও এ ফল পাওয়া গেছে।


গবেষক জেসন পেইনের মতে, মানুষ শুধু ভালো লাগছে নাকি খারাপ লাগছে, তা-ই বিবেচনা করে না। তারা এটাও ভাবে, নিজের ইচ্ছামতো জীবন কাটাতে পারছে কি না।


অনেক সময় মানুষ এমন সিদ্ধান্ত নেয়, যা তাৎক্ষণিক আনন্দ দেয় না। কিন্তু সিদ্ধান্তটি নিজের বলে মনে হওয়ায় একধরনের তৃপ্তি তৈরি হয়। যেমন, কেউ সহজ চাকরি ছেড়ে কঠিন কোনো চাকরি বেছে নিতে পারেন, যেখানে নিজের মতো কাজ করার সুযোগ বেশি। আবার কেউ পরিচিত পরিবেশ ছেড়ে নতুন জায়গায় চলে যেতে পারেন নিজের পছন্দমতো জীবন সাজানোর জন্য। শুরুতে এসব সিদ্ধান্তে কষ্ট হলেও নিজের ইচ্ছায় নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে সন্তুষ্টি তৈরি করতে পারে।


তবে গবেষকেরা বলছেন না যে আনন্দের কোনো প্রয়োজন নেই। ভালো লাগা, আনন্দ ও কষ্ট—সবই জীবনের অংশ। সুখী জীবন গড়তে এসবের পাশাপাশি নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগও জরুরি। তাঁদের মতে, মানুষকে সুখী করতে চাইলে নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে। শুধু ভালো লাগার ব্যবস্থা করলেই হবে না; বরং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কমিয়ে দিলে জীবন নিয়ে অসন্তুষ্টি তৈরি হতে পারে।


গবেষণার পর্যবেক্ষণ অনুযায়ী, সুখী থাকার জন্য সব সময় অনেক টাকা বা বিলাসী জীবনের প্রয়োজন হয় না। নিজের পছন্দমতো জীবন কাটানোর সুযোগও সুখ ও সন্তুষ্টির বড় উৎস হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, একাদশে একটি পরিবর্তন