`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
কক্সবাজার থেকে সাইকেলে ৩৮ দিনে এভারেস্ট বেস ক্যাম্পে বীর কুমার ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে সাইকেলে যাত্রা শুরু করে ৩৮ দিন পর নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান তিনি।


বীর কুমারের দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানো প্রথম বাংলাদেশি ও প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য সাইক্লিস্ট তিনি।


‘সি টু হিমালয়াস—এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামের অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১৬ আগস্ট কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে। প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে শুরু হওয়া এ অভিযানে সাইকেলে বাংলাবান্ধা সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন তিনি। পরে শিলিগুড়ি হয়ে নেপালে গিয়ে হিমালয়ের দুর্গম পথে অভিযান চালান।


অভিযান চলাকালে ঝড়-বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে বীর কুমারকে। এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছানোর আগে কয়েক দিনের ব্যবধানে তিনি হিমালয়ের তিনটি দুর্গম চূড়া ও গিরিপথ অতিক্রম করেন।


১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকার্তশাং পিক এবং ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক সামিট করেন তিনি। ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস অতিক্রম করেন।


বীর কুমার জানান, এ অভিযানের উদ্দেশ্য শুধু হিমালয়ের দুর্গম পথ পাড়ি দেওয়া নয়। রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনা তুলে ধরাও এ অভিযানের লক্ষ্য।


এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে বীর কুমার বলেন, এ অর্জন তাঁর একার নয়। দীর্ঘ অভিযাত্রায় যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। সামনে থাকা লক্ষ্যগুলো পূরণ করে বাংলাদেশের পতাকা নিয়ে নিরাপদে দেশে ফিরতে চান তিনি।


এর আগে বীর কুমার সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের দীর্ঘতম ক্রস-কান্ট্রি রুটও সাইকেলে পাড়ি দিয়েছেন। এ ছাড়া ভারতের ১০টি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।


কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার কাপ্তাই ব্লাড ব্যাংক ও ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
বগুড়ায় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত

বগুড়ায় বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে ধানখেতে প্রতিমন্ত্রীর গাড়ি, স্ত