`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

বাংলাদেশ সরকারের উদ্যোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি নতুন বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা গঠনের প্রস্তাব করা হয়েছে। ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে।


খসড়া আইনে র‌্যাবের বিদ্যমান আইনি কাঠামো প্রতিস্থাপন করে নতুন ইউনিটের অধীনে এর জনবল, সম্পদ, তহবিল, রেকর্ড, দায়বদ্ধতা এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। র‌্যাবের বর্তমান সদস্যরা এসআরবির সদস্য হিসেবে বিবেচিত হবেন এবং নতুন আইন অনুযায়ী পরিবর্তন না হওয়া পর্যন্ত তাদের চাকরির শর্ত বহাল থাকবে।


প্রস্তাব অনুযায়ী, এসআরবি বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সুশৃঙ্খল বাহিনীর কর্মকর্তাদের প্রেষণ, পদায়ন বা সাময়িক সংযুক্তির মাধ্যমে গঠিত হবে। এর সদরদপ্তর ঢাকায় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী দেশের অন্যান্য স্থানে ইউনিট স্থাপন করা যাবে। সংস্থাটির প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন কর্মকর্তা মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করবেন।


এসআরবির দায়িত্বের মধ্যে থাকবে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, সাইবার অপরাধ, মাদকপাচার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক, মানবপাচার, অপহরণ, হত্যা, গুম, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য গুরুতর অপরাধ দমন। আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে সংস্থাটি মামলা দায়ের ও ফৌজদারি তদন্তও পরিচালনা করতে পারবে।


খসড়ায় এসআরবি সদস্যদের জন্য তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা রাখা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত দ্রুত নিকটস্থ থানায় হস্তান্তর এবং যথাযথ কর্তৃপক্ষকে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে।


এ ছাড়া সংস্থাটির জন্য একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, এসআরবির প্রতিনিধি এবং মানবাধিকার বা আইন বিষয়ে অভিজ্ঞ একজন সরকার মনোনীত সদস্য থাকবেন। কমিটি নাগরিকদের অভিযোগ তদন্ত, সুপারিশ প্রদান এবং সরকারকে ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল করবে।


প্রস্তাবিত আইনটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। জনমত গ্রহণের পর সংশোধন সাপেক্ষে এটি মন্ত্রিসভা ও সংসদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। আইনটি পাস হলে র‌্যাব থেকে এসআরবিতে রূপান্তর বাংলাদেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় একটি বড় প্রাতিষ্ঠানিক পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাড়ছে জটিলতা, মিয়ানমারের সঙ্গে আলো

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাড়ছে জটিলতা, মিয়ানমারের সঙ্গে আলো