বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান স্থগিতের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। শুক্রবার এ সংক্রান্ত রায়ে আদালত বলেছেন, নীতিটি বাস্তবায়নের ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
ম্যানহাটনের মার্কিন জেলা আদালতের বিচারক জিনেট ভার্গাস জানান, জানুয়ারিতে পররাষ্ট্র দপ্তরের ঘোষিত ওই নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক। অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা আইন দ্বারা নির্দিষ্টভাবে সীমিত বলেও রায়ে উল্লেখ করা হয়।
আদালত আরও বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এই নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।
মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে ভিসার আবেদন যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারাই সাধারণত আবেদনকারীকে ভিসা দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেন।
জানুয়ারিতে কার্যকর হওয়া ওই নীতির আওতায় ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার পাকিস্তান, লাতিন আমেরিকার ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে এবং বলকান অঞ্চলের বসনিয়া ও আলবেনিয়াও ছিল। এ ছাড়া আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশও ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিল।
ফেডারেল আদালতের এই রায়ের ফলে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত ওই স্থগিতাদেশ বাতিল হলো।
BanglaDock