ইতালির মেস্ট্রেতে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
বাঁধনের দাবি, স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁর গায়ে কোক ও ডিম ছোড়া হয় এবং তাঁকে শারীরিকভাবে আঘাত করা হয়। তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। ঘটনার সময় ভাইয়ের শিশুসন্তানও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধন অভিযোগ করেন, হামলাকারীরা তাঁকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হেনস্তা করেন। তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলা হয় এবং সেই দৃশ্য ভিডিও করা হয়। এ সময় তাঁকে গালাগালিও করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, তিনি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন। এ ধরনের আচরণ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বের হয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাঁধন আরও বলেন, তাঁর গায়ে হাত তোলা হয়েছে এবং তাঁর ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বলেন, একজন আজমেরী হক বাঁধনকে দমানো সহজ হবে না। এ ঘটনায় বিশ্ববাসীর সামনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনো রাজনৈতিক দলের অংশ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন বাঁধন। একই সঙ্গে বিষয়টি সজীব ওয়াজেদ জয়কে জানানোর অনুরোধ করেন তিনি। বাঁধনের দাবি, জয়ও বর্তমানে ভেনিসে অবস্থান করছেন।
পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন অভিনেত্রী। সেসব ভিডিওতে কয়েকজন ব্যক্তি তাঁকে হেনস্তার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।
BanglaDock