কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর ওপর নবনির্মিত রেলসেতুর বিকল্প পথের রেলিং থেকে লোহার পাইপ চুরির ঘটনা ঘটেছে। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে পহরচাঁদা ইউনিয়নে সেতুর বিএমচর অংশের বিকল্প পথ থেকে রেলিংয়ের পাইপ কেটে ও খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। বুধবার সরেজমিনে দেখা যায়, রেলিংয়ের প্রায় ১৫০ ফুটের বেশি অংশের পাইপ নেই। এতে অসতর্কভাবে চলাচল করলে মাতামুহুরী নদীতে পড়ে গুরুতর দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর সেতু ও আশপাশের নির্জন এলাকায় বখাটেদের আনাগোনা এবং মাদকের আড্ডা বসে। তাঁদের ধারণা, মাদক কেনার অর্থ জোগাড় করতে কোনো চক্র এ চুরির ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
স্থানীয় বাসিন্দা এবাদুল্লাহ বলেন, রেলিংয়ের পাইপ চুরির পর থেকে তাঁরা আতঙ্কে রয়েছেন। বিশেষ করে রাতে অন্ধকারে চলাচলের সময় পা পিছলে নদীতে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
অবিভক্ত বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, রেলসেতুটি এলাকার গুরুত্বপূর্ণ একটি মেগা প্রকল্পের অংশ। চুরির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয়ভাবে নজরদারি বাড়ানোর চেষ্টা চলছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর তদারকি না থাকায় রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা ঘটছে। এ চুরিতে সরকারের লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
BanglaDock