`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

অনিশ্চয়তা কাটিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ল প্রথম পর্যটকবাহী জাহাজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
অনিশ্চয়তা কাটিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ল প্রথম পর্যটকবাহী জাহাজ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নানা অনিশ্চয়তা ও নাটকীয়তার পর অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৮৩০ জন পর্যটক নিয়ে চলতি মৌসুমের প্রথম জাহাজ এমভি বার আউলিয়া সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।


এর আগে বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মতি পাওয়ার পর জাহাজ চলাচলের সিদ্ধান্ত জানান সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। জেলা প্রশাসক মো. আ. মান্নানও বিষয়টি নিশ্চিত করেন।


বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থার অনুমোদন পাওয়া গেলেও জেলা প্রশাসকের সম্মতি না মেলায় জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আগে থেকে টিকিট কাটা পর্যটকদের বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগে টিকিট কাটা পর্যটকেরা প্রথম জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন। বাকি দুটি জাহাজ শুক্রবার থেকে চলাচল শুরু করার কথা রয়েছে।


পর্যটক পরিবহনের জন্য কক্সবাজারের বাঁকখালী নদীতে প্রস্তুত রাখা হয়েছে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজগুলোর সংস্কার ও সাজসজ্জার কাজ শেষ করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে পর্যটকদের বসার চেয়ারও। তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ায় ৮৫০, এমভি কর্ণফুলীতে ৭৩২ এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী বহন করা যাবে।


জাহাজগুলোর দায়িত্বে থাকা নুরুল ইসলাম বলেন, প্রশাসনিক কার্যক্রম ও প্রয়োজনীয় কাগজপত্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যটকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জাহাজগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।


ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।


হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজ চলাচলের অনুমোদন পেতে এ পর্যন্ত মোট নয়টি জাহাজ আবেদন করেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও পূর্ণাঙ্গ নথি জমা দেওয়ার পর তিনটি জাহাজ অনুমোদন পেয়েছে। বাকি ছয়টির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।


জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, আগে থেকে টিকিট সংগ্রহ করা অনেক পর্যটকের বিষয়টি বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার একটি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পর্যটকবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে সমন্বয় সভা হবে। সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পর্যটক পরিবহন ও সেন্টমার্টিন ভ্রমণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন এবং সেখানে রাত্রিযাপন করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরে