`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, গ্রেপ্তার ২

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, গ্রেপ্তার ২ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কক্সবাজারের টেকনাফে মানব পাচারবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও বিজিবি। এ সময় পাচারের উদ্দেশ্যে অপহৃত ১৬ বছরের এক কিশোরকে উদ্ধার এবং মানব পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।


পুলিশ জানায়, শনিবার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন থেকে শাহরিয়া নোমান নাঈম (১৬) নামে ওই কিশোরকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে অপহরণ করা হয়। পরে তাকে টেকনাফের রাজারছড়া এলাকায় একটি মানব পাচারকারীর আস্তানায় আটকে রাখা হয়।


খবর পেয়ে এসআই সৈকত মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রাজারছড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে উদ্ধার করে। এ সময় তৌহিদুল আলম (২২) ও আবু ছাদেক (২৫) নামে দুইজনকে আটক করা হয়।


আটক দুজনকে জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজারছড়া ও সংলগ্ন পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের বেশ কয়েকটি আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ ও টেকনাফ-২ বিজিবির সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাচারকারীদের প্রায় ২০টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আবারও মানব পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে। এর অংশ হিসেবে যৌথ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে অপহৃত এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। মানব পাচার রোধে সীমান্ত ও উপকূলীয় এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। মানব পাচারকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী রায়হান চক্রের ৪ সহযোগী গ্রেপ্তার