কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টার অভিযানে ১৩ জনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চোর, ছিনতাইকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৩ জন, ধর্তব্য অপরাধে মিজানুর রহমান (২৯) এবং আদালতের পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সদর মডেল থানার আওতাধীন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় এসব গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
BanglaDock