কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মো. এমরান (২৫) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী পূর্ব ফারির বিল গুইল্লাখালী এলাকায় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে পোটলা হাতে মিয়ানমার দিক থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
আটকের পর তল্লাশি চালিয়ে তার হাতে থাকা পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক এমরান কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-২৪, ব্লক-বি-এর বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমরান মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock