মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্র এলাকা থেকে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা।
সোমবার (২ নভেম্বর) রাত ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে বোটটি পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে সেটি আটক করে। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট এবং ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
BanglaDock