`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

মহেশখালীতে গমের সাইলো চায় রাশিয়া, পায়রা বন্দরের প্রস্তাব বাংলাদেশের

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
মহেশখালীতে গমের সাইলো চায় রাশিয়া, পায়রা বন্দরের প্রস্তাব বাংলাদেশের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

রাশিয়ার অর্থায়নে কক্সবাজারের মহেশখালীতে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছে মস্কো। তবে জমির অপ্রতুলতার কথা বিবেচনায় বিকল্প হিসেবে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।


মঙ্গলবার (২৭ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন খাদ্যমন্ত্রী। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে বাংলাদেশে গম রপ্তানির প্রস্তাব দেন। পাশাপাশি রাশিয়ার অর্থায়নে মহেশখালীতে গমের সাইলো নির্মাণের প্রস্তাব তুলে ধরেন তিনি। রাশিয়া থেকে সরকারি পর্যায়ে গম আমদানির প্রস্তাব পর্যালোচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান খাদ্যমন্ত্রী।


মহেশখালীতে সাইলো নির্মাণের বিষয়ে আফরোজা খানম বলেন, কক্সবাজার এলাকায় জমির অপ্রতুলতার কারণে বড় অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত জায়গা পাওয়া কঠিন হতে পারে। এ ক্ষেত্রে পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গা বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে।


খাদ্যমন্ত্রী জানান, পায়রা বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও যোগাযোগসুবিধা থাকায় সেখানে বড় ধারণক্ষমতার গমের সাইলো নির্মাণের সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে দুই লাখ মেট্রিক টন ধারণক্ষমতা নিয়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে তা পাঁচ লাখ মেট্রিক টনে উন্নীত করা যেতে পারে।


তিনি বলেন, এ ধরনের সাইলো নির্মিত হলে রাশিয়া থেকে আমদানি করা গম সংরক্ষণ করা যাবে। পাশাপাশি বেসরকারি আমদানিকারকদের কাছে স্থানীয় বাজারে গম বিক্রি এবং সরকারের প্রয়োজনেও সংরক্ষিত গম কেনার সুযোগ তৈরি হবে। এতে দেশের গম সরবরাহ ও সংরক্ষণব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।


পায়রা বন্দরে সাইলো নির্মাণ করা হলে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জের বাঘাবাড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ গম পরিবহন ও সরবরাহকেন্দ্রে গম পৌঁছানো সহজ হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে পায়রা সমুদ্রবন্দর সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান তিনি।


বৈঠকে রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আনাস্তাসিয়া নেমোভা, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জসিম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড