প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
শাবনূর বলেন, রিজভী আহমেদ ওরফে ফরহাদ সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে দাবি করেছেন যে তিনি নাকি সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন এবং তার মৃত্যুর জন্যও তাকে দায়ী করেছেন। এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, সালমান শাহর মৃত্যুর পরই প্রথম তিনি রিজভী আহমেদের নাম শুনেছেন।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে কূটনামি করা, সালমান শাহ ও তার স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার মতো যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। চলচ্চিত্র অঙ্গনের কেউই এমন অভিযোগের সত্যতা দিতে পারবেন না বলেও তিনি মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শাবনূর উল্লেখ করেন, ১৯৯৭ সালে আদালতে দেওয়া জবানবন্দিতে রিজভী আহমেদ নিজেকে সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেই জবানবন্দিতে তিনি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে অংশ নেওয়ার কথাও বলেছিলেন বলে দাবি করেন শাবনূর।
তার ভাষ্য, দীর্ঘ ২৯ বছর পর একই ব্যক্তি এখন দাবি করছেন যে সালমান শাহর মৃত্যু হত্যা নয়, আত্মহত্যা। পাশাপাশি তিনি সালমান শাহর মা নীলা চৌধুরী এবং শাবনূরের বিরুদ্ধেও নতুন করে অভিযোগ তুলেছেন।
শাবনূরের ধারণা, মামলার গতিপ্রকৃতি পরিবর্তিত হওয়ায় এবং অভিযুক্তদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বা অন্য কোনো প্ররোচনায় রিজভী আহমেদ এসব বক্তব্য দিয়ে থাকতে পারেন। তিনি বলেন, প্রকৃত সত্য আড়াল করার জন্যই এমন অভিযোগ তোলা হচ্ছে।
চিত্রনায়িকা স্পষ্টভাবে বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না এবং এ বিষয়ে তার কোনো প্রত্যক্ষ জ্ঞানও নেই।
সবশেষে শাবনূর বলেন, সালমান শাহ তার অত্যন্ত প্রিয় সহশিল্পী ছিলেন এবং তার অকাল মৃত্যু আজও তাকে ব্যথিত করে। তিনি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
BanglaDock