হলিউডের মেগাস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র কন্যা সুরি আনুষ্ঠানিকভাবে বাবার পদবী ত্যাগ করেছেন। দীর্ঘদিন বাবার থেকে দূরে থাকার পর তিনি এখন থেকে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন।
আন্তর্জাতিক বিনোদনমাধ্যম Entertainment Weekly-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮ বছর বয়সী সুরির ভোটার নিবন্ধনের সরকারি নথিতে নতুন নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি নিজের নামের সঙ্গে মা কেটি হোমসের মধ্যনাম ‘নোয়েল’ যুক্ত করেছেন।
এর আগে ২০২৪ সালে নিউইয়র্কের লা গার্ডিয়া হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করার সময়ও তিনি ‘সুরি নোয়েল’ নাম ব্যবহার করেছিলেন। তবে এবার ভোটার নিবন্ধনের মাধ্যমে সরকারি নথিপত্রেও বাবার পদবী বাদ দিয়ে নতুন নাম গ্রহণ করেছেন।
টম ক্রুজ ও কেটি হোমসের বিবাহবিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর থেকে সুরি মায়ের কাছেই বড় হয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, গত প্রায় ১৪ বছর ধরে টম ক্রুজের সঙ্গে তার সরাসরি যোগাযোগ বা নিয়মিত দেখা-সাক্ষাৎ নেই।
টম ক্রুজ ও কেটি হোমস ২০০৫ সালে সম্পর্কে জড়ান এবং ২০০৬ সালে ইতালিতে বিয়ে করেন। একই বছর জন্মগ্রহণ করেন সুরি। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১২ সালের জুনে কেটি হোমস বিবাহবিচ্ছেদের আবেদন করেন।
বাবা-মেয়ের দূরত্বের বিষয়টি আবারও আলোচনায় আসে সুরির হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানের সময়। জীবনের গুরুত্বপূর্ণ সেই অনুষ্ঠানে টম ক্রুজ উপস্থিত ছিলেন না। সে সময় তাকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’ কনসার্টে দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
BanglaDock