আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা আজ সোমবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষে নতুন তালিকা প্রকাশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে সময় নির্বাচন কমিশন জানায়, হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।
নতুন ভোটার যুক্ত হওয়ার পর দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। তবে ভোটের সময়সূচি পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় আরও বাড়ানো হতে পারে। সে ক্ষেত্রে নতুন নিবন্ধিত ভোটারদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন এক হাজার ২৪৩ জন।
আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
BanglaDock