মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পোর্ট অ্যাকসেস সড়ক নির্মাণে মহেশখালী চ্যানেলের নির্দিষ্ট অংশ থেকে বালু উত্তোলন বন্ধে হাই কোর্টের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে চেম্বার আদালত।
রোববার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। এর ফলে আপাতত মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে নিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে জনস্বার্থে মহেশখালী চ্যানেলের নির্দিষ্ট এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশনা চেয়ে মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন হাই কোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর হাই কোর্টের একটি বেঞ্চ রুল জারির পাশাপাশি চার মাসের জন্য ভারুয়াখালী মোহনা ও বাঁকখালী মোহনা থেকে খননের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।
রিটে অভিযোগ করা হয়, মহেশখালীর হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হলেও শর্ত অমান্য করে মহেশখালী চ্যানেল, আদিনাথ পাহাড় এলাকার মোহনা ও বাঁকখালী খালের মোহনা থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীর ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
হাই কোর্টের নিষেধাজ্ঞার আদেশ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে রোববার হাই কোর্টের নির্দেশের কার্যকারিতা স্থগিত করা হয়।
BanglaDock