অচেনা ওয়েবসাইট থেকে আসল অ্যাপের আদলে ভুয়া গুগল ক্রোম বা টিকটক ইনস্টল করলেই বিপদে পড়তে পারেন ব্যবহারকারীরা। এসব ভুয়া অ্যাপের মাধ্যমে ফোনে ঢুকে পড়তে পারে ‘রকারোলা’ নামের একটি ম্যালওয়্যার। এরপর ব্যাংকের নকল লগইন পেজ দেখিয়ে তথ্য চুরি, ফোনের গোপন তথ্য হাতিয়ে নেওয়া এমনকি ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোনে ইনস্টল হওয়ার পর ‘রকারোলা’ ম্যালওয়্যার ২০০টিরও বেশি ব্যাংকিং ও আর্থিক অ্যাপকে লক্ষ্যবস্তু করতে পারে। শুধু ব্যাংকিং তথ্য নয়, ব্যবহারকারীর ক্রিপ্টোকারেন্সিও চুরি করার সক্ষমতা রয়েছে ম্যালওয়্যারটির।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়ামের তথ্য অনুযায়ী, হ্যাকাররা প্রথমে ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের গুগল ক্রোম বা টিকটকের মতো পরিচিত অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করে। ভুয়া অ্যাপ ডাউনলোডের সময় গুগল প্লে প্রোটেক্টের মতো দেখতে একটি সতর্কবার্তাও দেখানো হয়। অনেক ব্যবহারকারী এটিকে গুগলের আসল নিরাপত্তা সতর্কবার্তা মনে করে ডাউনলোডের অনুমতি দেন। আর সেই সুযোগেই ফোনে ঢুকে পড়ে ম্যালওয়্যারটি।
ফোনে প্রবেশের পর ‘রকারোলা’ ২১৭টি ব্যাংকিং ও আর্থিক অ্যাপের নকল লগইন পেজ তৈরি করতে পারে। ব্যবহারকারী মনে করতে পারেন, তিনি নিজের ব্যাংকিং অ্যাপেই লগইন করছেন। কিন্তু সেখানে দেওয়া ইউজারনেম ও পাসওয়ার্ড সরাসরি চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে।
এ ম্যালওয়্যার ফোনের লকস্ক্রিনের তথ্য ও কনট্যাক্ট তালিকাও চুরি করতে পারে। পাশাপাশি কী-লগারের মাধ্যমে ব্যবহারকারী ফোনে কী টাইপ করছেন, সেটিও রেকর্ড করার সক্ষমতা রয়েছে। ফলে ব্যাংকিং তথ্যের পাশাপাশি ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্যও ঝুঁকিতে পড়তে পারে।
আরও ভয়ংকর বিষয় হলো, ব্যাংক থেকে আসা প্রতারণাসংক্রান্ত সতর্কবার্তা আটকে দিতে পারে ম্যালওয়্যারটি। সন্দেহজনক লেনদেনের বিষয়ে ব্যাংক থেকে আসা ফোনকলও বাধাগ্রস্ত করার সক্ষমতা রয়েছে। ফলে কোনো লেনদেন সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক করার আগেই সাইবার অপরাধীরা ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়ার সুযোগ পেতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, অ্যান্ড্রয়েড ফোনে নতুন অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে অনুমোদিত অ্যাপ স্টোর ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। গুগল প্লে স্টোর বা স্যামসাং গ্যালাক্সি স্টোরের মতো বিশ্বস্ত উৎস ছাড়া অন্য কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন কৌশলে ব্যবহারকারীদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই অপরিচিত ওয়েবসাইটের লিংক, ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা বা পরিচিত অ্যাপের নামে দেওয়া অস্বাভাবিক ডাউনলোড প্রস্তাবে সতর্ক থাকা জরুরি। সামান্য অসতর্কতাতেই ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব ও ডিজিটাল সম্পদ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
BanglaDock