বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপির মূল লক্ষ্য একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ সময় দলের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের মধ্য দিয়ে বিএনপি ৪৮ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
বিএনপির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বিএনপি প্রতিষ্ঠা করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর মতে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা।
তারেক রহমান বলেন, বিএনপি গণতন্ত্র, সুশাসন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা রেখে আসছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বিএনপির নেতা-কর্মীরা গণতন্ত্রকামী জনগণের সঙ্গে থেকে আত্মত্যাগ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির সরকার পরিচালনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন মেয়াদে ক্ষমতায় থেকে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনসহ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে দলটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও দাবি করেন তিনি।
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণ নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আস্থার প্রতিদান দিতে চায় সরকার।
তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলটির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রামের সঙ্গে বিএনপির পরিচয় জড়িত।
BanglaDock