রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা দিয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে সাংবিধানিক বিধান অনুযায়ী মন্ত্রিসভা ও দলের মহাসচিব—উভয় পদ থেকেই সরে দাঁড়াতে হবে।
এ পরিস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিতে পারেন। দলটি এর আগে ডিসেম্বরের মধ্যে সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিল। সে ক্ষেত্রে কাউন্সিল পর্যন্ত রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
দলটির দায়িত্বশীল নেতাদের মতে, রাষ্ট্রপতি পদে এমন একজনকে বেছে নেওয়া হবে যিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন, গ্রহণযোগ্য এবং সাংবিধানিক দায়িত্ব পালনে সক্ষম। এই বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের সবচেয়ে আস্থাভাজন প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ইতোমধ্যে তাদের রাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট, যাচাই-বাছাই ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিএনপির সাংগঠনিক কাঠামো এবং সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
BanglaDock