নভেম্বরে আন্তর্জাতিক ফুটবলের ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৩ নভেম্বর উরুগুয়ে ও ১৭ নভেম্বর কোস্টারিকার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের সম্ভাব্য ভেন্যু বোকা জুনিয়র্সের ঐতিহ্যবাহী স্টেডিয়াম লা বোম্বোনেরা। বিকল্প হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
জাতীয় দল থেকে লিওনেল মেসি ও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির বিদায়ের পর নতুন নেতৃত্বে দল সাজানোর সুযোগ পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
আসন্ন ম্যাচ দুটি স্কালোনির জন্য নতুন খেলোয়াড় ও কৌশল পরীক্ষা করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে আর্জেন্টিনা কোচের চুক্তি নবায়ন নিয়েও অগ্রগতি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে নিজেদের সর্বশেষ সফরে একই শহরে বলিভিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রেখে বছরের শেষ ফিফা উইন্ডো শেষ করতে চাইবে দলটি।
BanglaDock