`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

শিগগিরই বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে একাধিক নাম আলোচনায়

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
শিগগিরই বিএনপির কাউন্সিল, মহাসচিব পদে একাধিক নাম আলোচনায় ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

শিগগিরই বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন কাউন্সিলে দলের মহাসচিব পদে নতুন নেতৃত্ব নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী হওয়ার পর মহাসচিবের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান রুহুল কবির রিজভী।


এর আগে রিজভীকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। ফলে আসন্ন কাউন্সিলে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা রিজভীকেই পূর্ণাঙ্গ মহাসচিব করা হবে কি না, তা নিয়ে দলের ভেতরে আলোচনা চলছে। কাউন্সিলের মধ্য দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


মহাসচিব পদে আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কাউন্সিলে তাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেওয়া হবে, নাকি অন্য কোনো নেতা সামনে আসবেন, তা নিয়ে দলের ভেতরে আগ্রহ রয়েছে।


কাউন্সিলের আগে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের শূন্য পদও পূরণ করা হতে পারে। এ পদে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও শহীদ উদ্দীন চৌধুরীর পাশাপাশি ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুলের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে শীর্ষ নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত দেয়নি।


প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হওয়ার পর বিএনপির সামনে এখন দুটি বড় সাংগঠনিক কাজ—স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচনের প্রস্তুতি এবং সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজন।


বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সরকারের প্রভাবশালী একজন মন্ত্রী যুগান্তরকে জানান, স্থানীয় সরকার নির্বাচনের কারণেই জাতীয় কাউন্সিল আয়োজন বিলম্বিত হচ্ছে। চলতি বছরে কাউন্সিল হওয়ার সম্ভাবনা না থাকলেও আগামী বছরের শুরুতে, অর্থাৎ ফেব্রুয়ারিকে লক্ষ্য করে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ওই সময়ে সরকারের এক বছর পূর্তি হবে। পাশাপাশি শীতকাল হওয়ায় কাউন্সিলকেন্দ্রিক প্রস্তুতি নেওয়াও তুলনামূলক স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন তারা।


জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, কাউন্সিলের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দলের নীতিনির্ধারণী ফোরাম এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে। তবে তিনি বলেন, কাউন্সিল খুব শিগগিরই অনুষ্ঠিত হবে।


একই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, যত দ্রুত সম্ভব তারা কাউন্সিল আয়োজন করতে চান। এ জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের মার্চে। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও এক দশকেও তা সম্ভব হয়নি। তবে এ সময়ে নির্বাহী কমিটিতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। নতুন মুখ যুক্ত হয়েছেন, কেউ পদোন্নতি পেয়েছেন, আবার কেউ দায়িত্ব থেকে সরে গেছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক

এবার সয়াবিন তেলেও মিলল বিপুল মাইক্রোপ্লাস্টিক