সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি ১০ নম্বর আসামি। পুলিশ তাকে গ্রেফতার না করলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার কথাও তিনি জানিয়েছিলেন।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।
গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এ মামলায় বর্তমানে একাধিক আসামি গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা এবং অন্যান্য ব্যক্তিও রয়েছেন।
প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ তারা পেয়েছে। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ওই ঘটনার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছিল।
BanglaDock