`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সেউতা সীমান্তে অভিবাসী সংকট, নিহত অন্তত ৫৭

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
সেউতা সীমান্তে অভিবাসী সংকট, নিহত অন্তত ৫৭ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় নজিরবিহীন অভিবাসী ঢলের পর ৪৮ হাজারের বেশি মানুষ স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন। সীমান্ত এলাকায় ডুবে যাওয়া ও পদদলিত হওয়ার ঘটনায় স্পেনের অংশে অন্তত ৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রম করে সেউতায় প্রবেশ করেন। কয়েক দিনের মধ্যে প্রায় ৬০ হাজার মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছে বলে জানিয়েছেন সেউতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান হেসুস ভিভাস।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর অংশেও আরও হতাহতের আশঙ্কা রয়েছে, যদিও সেখানে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করা হয়নি।


ঘটনার পর সেউতায় নিরাপত্তা জোরদার করেছে স্পেন। সীমান্তে অতিরিক্ত সেনা ও সামরিক যান মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সেউতা সফর করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।


সানচেজ এ ঘটনাকে স্পেনের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে। তিনি মানবপাচারকারী চক্রকে এ পরিস্থিতির জন্য দায়ী করেন এবং বলেন, স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের ভুল ব্যাখ্যা ছড়িয়ে অভিবাসীদের সীমান্ত অতিক্রমে উৎসাহিত করা হয়েছে।


স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৮ হাজার ৩০০ জন অভিবাসী স্বেচ্ছায় মরক্কোয় ফিরে গেছেন।


সীমান্ত এলাকায় মরক্কোর নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহার করে নতুন করে প্রবেশের চেষ্টা ঠেকানোর চেষ্টা চালিয়েছে। অন্যদিকে স্পেনের সীমান্তজুড়ে সামরিক যান ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।


সীমান্ত থেকে ফিরে যাওয়া এক মরক্কান যুবক বলেন, তিনি জানতেন না কেন সেখানে গিয়েছিলেন এবং মানুষ মারা যাওয়ার ঘটনা দেখে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আরেক অভিবাসী জানান, সেউতায় প্রবেশের পর খাবার ও আশ্রয়ের সংকটে পড়ে তিনি মরক্কোয় ফিরে যেতে বাধ্য হয়েছেন।


উত্তর আফ্রিকায় অবস্থিত সেউতা ও মেলিলা ইউরোপীয় ইউনিয়নের আফ্রিকার সঙ্গে একমাত্র স্থলসীমান্ত। উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে বহু বছর ধরে এই দুটি অঞ্চল ব্যবহার করে আসছেন অভিবাসীরা। তবে এত বড় সংখ্যায় একসঙ্গে সীমান্ত অতিক্রমের ঘটনা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ ঘটনায় ইউরোপজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে শেনজেন সীমান্তমুক্ত চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে। স্পেন এ সিদ্ধান্তকে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির পরিপন্থী বলে অভিযোগ করেছে।


স্পেন জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রয়েছে এবং অবৈধ অভিবাসন ঠেকাতে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষ